আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি : পলক
জনপ্রতিনিধি হিসেবে ১৫ বছর ধরে ৫ লক্ষ মানুষের দায়িত্ব পালন কালে কোথায় এক টাকার দুর্নীতি করেননি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (২৮ জুন) সিংড়ার বাসভবনে ক্যান্সার ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এই দাবি করেছেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তিকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক এবং প্রণোদনার আওতায় ২২০০ ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৫০জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন ‘আমি এমপি থাকা অবস্থায় আমার ব্যক্তিগত তহবিলে যা এসেছে তা স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্যে বিতরণ করেছি, আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি। ৩৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অন্য দল ক্ষমতায় ছিল, তারা কখনও এভাবে কৃষকদের ডেকে সার-বীজ দেয়নি।’
নিজ এলাকার ৫ লক্ষ মানুষকে সেবা দেয়ার হিসাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে, অনেক সময় কিন্তু পরিবারের কর্তা সবার মন জয় করতে পারে না। সব কাজ করতে পেরেছি এ দাবি করব না। তবে চেষ্টার কোনো ত্রুটি করিনি।
পলক আরো বলেন, দীর্ঘ ৩৭ বছর চলনবিলের মানুষ অবহেলিত ছিল। এক বস্তা সারের জন্য সাধারণ কৃষককে লাঠিপেটা খেতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষামতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এতো উন্নয়ন ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি হয়েছে। জনগণের কাছে জবাবদিহিতা থাকলেই স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।
এদিকে একইদিন বিকেলে বিকেলে নাটোরের সিংড়া উপজেলা খাদ্য গুদাম চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার প্রবীণ নেতৃবৃন্দে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান করেন পলক।
সে সময় দেয়া বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায়, অনেকে চেয়ারম্যান, এমপি-মন্ত্রী হয়েছেন। আমাদের জীবনে যাদের গাড়ি ছিল না, চৌদ্দ গুষ্টির কেউ জীবনে নিজেদের গাড়ি চালায়নি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি-মন্ত্রী হয়ে ট্যাক্স ফ্রি গাড়িতে চড়তে পারছি। সেই গাড়ি, বাড়ি, অফিস এই সকল কিছুর ওপরে আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের হক রয়েছে, অধিকার রয়েছে।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সিরাজুল ইসলাম, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য কোহেলি কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক শেখ প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের ২৩১ জন ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা এবং প্রবীণ ৬৩ জনকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ৭৭ জন নারী কর্মীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ এবং দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকার কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ডিজিটাল প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে উন্নত মানের ডেস্কটপ ও প্রিন্টার প্রদান করা হয়।







